জামালপুরের মাদারগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থকরা। রোববার (৭ জুন) বিকেলে পৌর এলাকার হাওয়াই রোডে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ২০ থেকে ৩০ জন সমর্থক রাস্তায় নৃত্য পরিবেশন করেন। আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে তারা এ আয়োজন করেছেন বলে জানান অংশগ্রহণকারীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিলনমেলায় উপস্থিত সমর্থকরা অন্য কোনো দেশের দল বা খেলোয়াড়দের নিয়ে কটূক্তি না করা এবং কোনো ধরনের বিবাদ বা উসকানিমূলক আচরণে জড়িত না হওয়ার সিদ্ধান্ত নেন। খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন মাদারগঞ্জের কণ্ঠশিল্পী রাইদা লগ্না, নৃত্যশিল্পী রাজু, হাসান, নাতাশা সবুজসহ আরও কয়েকজন শিল্পী। তাদের পরিবেশনায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
তবে রাস্তা বন্ধ করে নাচ-গানের আয়োজন করায় স্থানীয়দের একটি অংশ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জনসাধারণের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটার বিষয়টি তুলে ধরেছেন।
এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক ও সংগীতশিল্পী রাইদা লগ্না বলেন, তারা একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন। সেই গানের ভিডিও ধারণ ও প্রচারণার অংশ হিসেবেই মূলত এই আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, নৃত্য ও ভিডিও ধারণের সময় রাস্তাটি প্রায় ফাঁকাই ছিল এবং সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।
তিনি আরও জানান, অনুষ্ঠান উপলক্ষে ধারণ করা গানটি একই রাতে প্রকাশ করা হবে। গানটির মাধ্যমে আর্জেন্টিনা সমর্থকদের ভালোবাসা ও উচ্ছ্বাস তুলে ধরা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়দের মতে, খেলাধুলাকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক আয়োজন ইতিবাচক হলেও ভবিষ্যতে জনসাধারণের ভোগান্তি এড়াতে প্রয়োজনীয় অনুমতি ও পরিকল্পনার বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।
0 মন্তব্যসমূহ